জেলা সংবাদ

মিরপুরে যুবদল কর্মী খুন খুনের লক্ষ্য ছিলেন যুবদল নেতা, খুনি এসেছিল ঝিনাইদহ থেকে

👤 Ajker Bangla | 📅 25 Jul 2026 | 👁️ 44 Views
শেয়ার করুন : Facebook X WhatsApp
রাজধানীর মিরপুরে যুবদল কর্মী হত্যার পেছনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যকার অন্তঃকোন্দলকেই কারণ হিসেবে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই হত্যাকাণ্ডের জন্য তাঁদের ভাড়া করে আনা হয়েছিল ঝিনাইদহ থেকে। মিরপুর ১৩ নম্বর এলাকায় শুক্রবার রাতে গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ (৪৫)। আহত হন আরেক যুবদল কর্মী মনির হোসেন ও সবজি বিক্রেতা সালাম সরদার। কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিলেন হাফিজুল ইসলাম। নিহত ইউসুফ আলীর বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে আজ শনিবার সকালে কাফরুল থানায় হত্যা মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই খুনিদের ‘টার্গেট’ ছিলেন না। হাফিজুল ইসলামের সঙ্গে চলতেন। পুলিশের একটি সূত্র জানায়, রাজনৈতিক কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হাফিজুলকে হত্যার জন্যই চারজন ভাড়াটে খুনিকে ঝিনাইদহ থেকে চার দিন আগে ঢাকায় আনা হয়। সূত্রটি জানায়, হামলার আগে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুর বাড়ি ও নিচতলার ব্যক্তিগত কার্যালয় রেকি করেছিল খুনিরা। এরপর গতকাল শুক্রবার রাতে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন হাফিজুলের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুল ও তাঁর অনুসারীরা তখন বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা দুজন অপরিচিতকে দেখে সন্দেহ হয় আড্ডারত যুবদল নেতা-কর্মীদের। পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই কোমর থেকে পিস্তল বের করে গুলি করা শুরু করেন এক যুবক। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউসুফ। তখন হাফিজুল ও আরেক যুবদল কর্মী মনির হোসেন এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে খুনিরা। হাফিজুল বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মনির। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা গেছে, হামলাকারী চারজন ছিলেন। তাঁরা দুইভাগে বিভক্ত হয়ে সেখানে অবস্থান করছিলেন।